সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মাহবুবুল আলম বক্তব্য রাখেন এবং রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনের পর উপ-উপাচার্য (শিক্ষা) অংশগ্রহণকারী দলের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় হন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্বাগতিক রাবিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দলের ৭১ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।