সর্বশেষ সংবাদ :

রাবি উপ-উপাচার্যদ্বয়ের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধিদলের মতবিনিময়

রাবি প্রতিনিধি: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
রাবি প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিনিধিদলটি রাবির সাথে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণমূলক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহসহ যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা করেন। উপ-উপাচার্যদ্বয় অস্ট্রেলিয়ান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে এই লক্ষ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলে আরো ছিলেন হাইকমিশনের বৃহত্তর দক্ষিণ এশিয়ার শিক্ষা বিষয়ের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও কৃষি বিষয়ে সিনিয়র ডিরেক্টর মিনহাজ চৌধুরী।
সেখানে অন্যদের মধ্যে রাবির বিভিন্ন অনুষদ অধিকর্তা, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ