সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ডের মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান জায়গা ফের টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্বরোডের পাশে সরকারি জায়গা এভাবে প্রকাশ্য দিবালোকে দখলের ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গত বছরের জুলাই মাসেও এই সরকারি জায়গার ক্যানেল বালু দিয়ে ভরাট করে দখলের পাঁয়তারা চালানো হয়েছিল। সে সময় সড়ক বিভাগ তাৎক্ষণিকভাবে বালু ভরাট বন্ধ করার নির্দেশ দেয় এবং ভরাটকৃত বালু অপসারণের জন্য নোটিশ জারি করে। কিন্তু সেই ঘটনার প্রায় এক বছর পার হতে না হতেই, সওজের সেই জমিতে ফের কে বা কারা রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে।
সচেতন মহলের বক্তব্য ‘বিশ্বরোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের পাশে সরকারি জায়গা এভাবে দফায় দফায় দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কে এর পেছনে জড়িত রয়েছে?’
পৌর শহরের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ এই অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।