সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপে নতুন ইতিহাস নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের চলমান বিশ্বকাপে যেন একের পর এক রেকর্ড হাতছাড়া হয়েই চলেছে। জার্মানির কাছে এক রেকর্ড হারিয়ে পরে তা পুনরুদ্ধার করলেও, এবার ডাচদের কাছে আরেকটি অনবদ্য রেকর্ড খোলাল সেলেসাওরা। সুইডেনকে বিধ্বস্ত করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত থাকার নতুন কীর্তি গড়েছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডাচরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড নিজেদের করে নিল তারা। এর আগে এই রেকর্ডটি এককভাবে ছিল ব্রাজিলের দখলে। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিল সেলেসাওরা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ব্রাজিলের সেই ১৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছিল ডাচরা। আর আজ সুইডেনকে উড়িয়ে দিয়ে সেই রেকর্ড পুরোপুরি ভেঙে নিজেদের করে নিল তারা। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে বিশ্বকাপে আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী টাইব্রেকারে ফল হওয়া ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করেই এই নতুন রেকর্ডের পরিসংখ্যান দাঁড়িয়েছে। সুইডেনের বিপক্ষে এই বড় জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ডাচরা। অন্যদিকে এই গ্রুপেরই অন্য ম্যাচে আজ মাঠে নামছে জাপান ও তিউনিসিয়া।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর