সর্বশেষ সংবাদ :

রাবি উপ-উপাচার্যদ্বয়ের সাথে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার: জাপানের প্রখ্যাত জেন মিরাই জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসুহিরো কাওয়ামোটোর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিনিধিদলটি রাবি শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালু ও এর মাধ্যমে জাপানে অধ্যয়নত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিসহ ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে তাঁরা রাবির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রাবি উপ-উপাচার্যদ্বয় জাপান গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজের এই উদ্যোগকে স্বাগত জানান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এই উদ্যোগের মাধ্যমে রাবি শিক্ষার্থীদের জন্য জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জাপানি প্রতিনিধিদলে আরো ছিলেন সান-সান গ্লোবাল এজেন্সির সিইও হিদেকি সাকাকিবারা ও জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ড-এর রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইওটা সিগেমরি।
সেখানে অন্যদের মধ্যে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো আতিকুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এএইচএম খুরশিদ আলম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন এবং সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী ও প্রফেসর গোলবার হোসেন, রাবি মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সরকার ও মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ