শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ভারতে মুসলিম নির্যাতন, সীমান্তে অবৈধ পুশ-ইন, গাইবান্ধায় মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং হেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সোনাদিঘী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ-মাদরাসা ভাঙচুর এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী আচরণ এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সংস্কারের নামে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়নের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার দাবি জানান তারা।
বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখতে হবে। অন্যথায় জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হবে। গাইবান্ধায় মূর্তি নির্মাণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা দাবি করেন, এতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে। পাশাপাশি হেযবুত তওহীদকে একটি বিতর্কিত সংগঠন উল্লেখ করে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান তারা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মূর্তি স্থাপন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর খেলাফতে মজলিসের সভাপতি মুফতি জমির হোসেন জমিরী, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, যুববিষয়ক সম্পাদক মীর ফরহাদ, হেফাজতে ইসলামের জেলার যুববিষয়ক সম্পাদক মুফতি কামরুজ্জামান, সদস্য হাফেজ মাওলানা হোসায়েন আহমেদ দেওয়ান এবং ছাত্রবিষয়ক সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ।