সর্বশেষ সংবাদ :

রুয়েটে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও বৃক্ষরোপণ: পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বিবিসিএফ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এ আয়োজন করা হয়।
রুয়েটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহকারী অধ্যাপক জেড এম মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল কাদের জ্বিলানী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিবিসিএফের প্রধান উপদেষ্টা এবং বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, মতিয়ার জোনের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এবং বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল।
বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আলোচনা সভা শেষে রুয়েট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।


প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ৪:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ