বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে ধারের ১শ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। ১৫ মে শুক্রবার সকালে উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে সুনিল পাহান (৫০) নিহত হন। এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত প্রসেনজিতের সঙ্গে সুনিল পাহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রসেনজিতের হাতে থাকা লাঠির আঘাতে সুনিল পাহান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ঘটনায় নিহত সুনিল পাহানকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।