, , ।
সানশাইন ডেস্ক: হাম প্রতিরোধে ১৫ লাখ এমআর ডোজ টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পাশাপাশি ৯ হাজার টিডি-টিটাস সিরিজের টিকা পাওয়ার তথ্য দিয়ে এখন থেকে প্রতি সপ্তাহে নতুন করে টিকার চালান দেশে পৌঁছাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইউনিসেফের পক্ষ থেকে আসা হাম-রুবেলা টিকার চালান গ্রহণ শেষে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকের চালানে ১৫ লাখ এমআর ডোজ টিকা একসঙ্গে দেশে এসেছে। আগামী ১০ মে আরো প্রায় ১ দশমিক ৮ কোটি ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, বিওপিভি ও পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছাবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে।” চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ইউনিসেফ এসব ভ্যাকসিন সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি, সরকার ইতোমধ্যে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ১০ ধরনের ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। “ইউনিসেফের বৈশ্বিক সক্ষমতার কারণে, আমরা ওপেন টেন্ডার বাতিলের পর বাকি ৩৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত ভ্যাকসিনও ইউনিসেফের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দেশে টিকার কোনো ‘ঘাটতি নেই’ দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ভবিষ্যতেও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।