, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মুন্ডুমালা পৌরসভার প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। এছাড়াও জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগমসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন স্থাপন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনায় রেখে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও পরামর্শকরা অংশগ্রহণ করেন। উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম. টি. এস. মেহমুদ ও মো. হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ।