সর্বশেষ সংবাদ :

সিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শনিবার রাতে ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি ফসলের মাঠ থেকে এই ট্রান্সফরমাগুলো চুরি করে। শেষ সময়ে বোরো ফসলের মাঠ থেকে ট্রান্সফরমাগুলো চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছেন কৃষকরা।
ভুক্তভোগী লুৎফর জানান, শনিবার ১৮ এপ্রিল রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের মাঠের ভিতর থেকে খুলে নিয়ে যায়। একটি ট্রান্সফরমারের দাম অনেক, সেখানে একসাথে ৬টি চুরি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
অপরদিকে এবারত আলী নামে আরেক কৃষক বলেন, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে জমিতে গিয়ে দেখি ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে গেছে, এতে হতভম্ব হয়ে পড়েছি।
স্থানীয় অন্যান্যে কৃষকদের দাবি, এই ট্রান্সফরমারগুলোই ছিল তাদের বোরো ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ বলেন, সকালে ৬টি ট্রান্সফরমার চুরির খবর পাবার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা ব্যাপি ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।


প্রকাশিত: April 20, 2026 | সময়: 4:43 am | সুমন শেখ

আরও খবর