, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রকাশিত মুদ্রিত সংবাদপত্রগুলোর সার্বিক অবস্থা যাচাই এবং গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত এই কার্যক্রমে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ। দলে আরও ছিলেন সহকারী পরিচালক (নিরীক্ষা) মো. রাশেদুজ্জামান এবং পরিদর্শক আব্দুল মান্নান।
ডিএফপি সূত্রে জানা গেছে, এটি তাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে প্রকাশিত সংবাদপত্রগুলো সরকারি নীতিমালা, যেমন-পত্রিকার নিয়মিত প্রকাশ, যথাযথভাবে সার্কুলেশন বা প্রচার সংখ্যা প্রদর্শন, এবং কর্মীদের বেতন কাঠামো মেনে চলছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
প্রতিনিধিদলটি শুক্রবার দৈনিক সানশাইন, দৈনিক বার্তা, সোনালী সংবাদ, ও সোনার দেশসহ রাজশাহীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদপত্রের কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা পত্রিকার অবকাঠামোগত সুবিধা, কর্মরত সাংবাদিকদের সংখ্যা, তাদের নিয়োগপত্র এবং বেতন-ভাতা প্রদানের প্রমাণাদি যাচাই-বাছাই করেন। এছাড়া, পত্রিকার ঘোষিত প্রচারসংখ্যার সঙ্গে বর্তমান ছাপার সংখ্যার সামঞ্জস্য আছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে স্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আমরা চাই, সংবাদপত্রগুলো যেন সব নীতিমালা মেনে প্রকাশিত হয় এবং সাংবাদিকরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।
রাতে দৈনিক সানশাইন অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ও একই সাথে দিকনির্দেশনা প্রদান করে প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা মিলন, মহাব্যবস্থাপক নূরুল হক সহ পত্রিকাটির কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।