সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় ডায়েরি

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও বেড়া দিয়ে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের ভুক্তভোগী রেজাউল করিম প্রামাণিক (৪৮) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শুক্রবার ১৭ এপ্রিল আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৮১০।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান প্রামাণিকের ছেলে রেজাউল করিম তার পৈত্রিক ৪০ শতক সম্পত্তি দীর্ঘদিনি যাবত ভোগদখল করে আসছেন। তবে গত ১৯ মার্চ গভীর রাতে বিবাদীরা ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। পরদিন সকাল ৭ টার দিকে ভুক্তভোগী রেজাউল করিম বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আব্দল বারিকের ছেলে রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩২), তৌহিদুল ইসলাম (৩০) এবং শহিদুলের ছেলে ইমরান (২৬) ও মৃত আরতুল্লা মন্ডলের ছেলে শহিদুল (৫০)।
ভুক্তভোগী রেজাউল করিম জানান, জমিটি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আইনকে তোয়াক্কা না করে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, জিডির বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ইতোমধ্যে এসআই (নিঃ) শাহাজুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জমি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে, তাই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তদন্ত সাপেক্ষে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: April 18, 2026 | সময়: 3:50 am | সুমন শেখ