, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এই সংগঠনের ভোটের লড়াই আগামী ১৮ এপ্রিল। অর্থাৎ আর তিনদিন বাকি।
বুধবার বিকালে হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের (খ-প্যানেল) গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আরডিএ মার্কেটে গণসংযোগে এক ডজন প্রার্থী ও অসংখ্য প্রার্থী সমর্থিত ব্যবসায়ী ভোটার অংশ নেন।
দিন ঘনিয়ে আসছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ১৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজশাহীর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। চেম্বারে চেম্বারে আমন্ত্রণ রক্ষার পদক্ষেপ। আর এই ফাঁকে পুরোদমে চালিয়ে যাচ্ছেন ভোটের প্রচারণা। এছাড়াও মোবাইল হোয়াটসঅ্যাপ তো আছেই। চলছে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ। সবমিলিয়ে ভোটার-প্রার্থী ও প্রার্থী সমর্থক ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজেদের প্রতিনিধির বিজয় নিশ্চিত করতে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কোন প্যানেলে ভোট দিলে কাজ হবে। আবার কাকে দিলে কাজ হবে না-এখন ব্যবসায়ীদের চায়ের কাপে কাপে এমন মন্তব্য চলছে জোরেশোরেই। নিজেদের প্রত্যাশাপূরণ ও সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ভিতরে ভিতরে নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদের হাসেন আলী, সিনিয়র সহসভাপতি শফিউল আলম বুলু, সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক পদের তৌহিদ হাসান, তাসনিম হোসেন, শামসুজ্জামান মিঠু, মাহমুদ হাসান শিশিল, মিজানুর রহমান খান প্রমুখ। প্যানেল সভাপতিসহ প্রার্থীরা প্রতিশ্রুতি দেন-ব্যবসায়ীরা আমাদের মাধ্যমে নীতিনির্ধারক ও সরকারের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়ন, নেটওয়ার্কিং বৃদ্ধি, ব্যবসার প্রসারে অ্যাডভোকেসি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে নেতৃত্বের ভূমিকা পালন করবেন। নির্বাচিত প্রতিনিধিরা সদস্যদের শিক্ষা ও পরামর্শ সেবার মাধ্যমে সহায়তার সুযোগ পাবেন। তারা তাদের ইশতেহার মোতাবেক ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কোন পদক্ষেপ নেয়া হবে না বলে জানান।