সর্বশেষ সংবাদ :

বর্ষবরণে রং তুলিতে সেজেছে গোদাগাড়ী উপজেলা চত্বর

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বরণে গোদাগাড়ী উপজেলা চত্বরে সকল প্রস্ততি শেষ হয়েছে। পুরনোকে বিদায়, নতুনকে স্বাগত জানাতে বর্ষবরণে রং তুলিতে সেজেছে গোদাগাড়ী উপজেলা চত্বর। পুরোনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষ্যে উপজেলায় এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন।
বর্ষবরণ উপলক্ষ্যে এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ’। সমাজে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুজ্জীবনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য।
সোমবার ১২ এপ্রিল দুপুরে উপজেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শোভাযাত্রার বিভিন্ন কাঠামো তৈরিতে ব্যস্ত। বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে একেকটি প্রতীকী অবয়ব।
উপজেলা ক্যাম্পাসের প্রতিটি রাস্তা রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠছে বৈশাখী শোভাযাত্রার অনুষঙ্গগুলো। এসব অনুষঙ্গ তৈরিতে কাজ করছেন স্থানীয় শিল্পীরা। এসব শিল্পকর্ম দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ।
এদিকে, সাংস্কৃতিক সংগঠনগুলোতেও চলছে প্রস্ততির শেষ পর্ব। লোকজ সংস্কৃতির শক্তিতে ও প্রতিবাদী চেতনায় নতুন স্বপ্ন দেখছেন সংস্কৃতিপ্রেমীরা। আয়োজকরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্যভাবে পালিত হবে নববর্ষ উৎসব।
বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত। এবার উপজেলায় বর্ষবরণ অনুষ্ঠানে বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে। ভোরের আলোয় মোরগের ডাক যেমন নতুন দিনের জানান দেয়, তেমনি এবার পহেলা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
জানা গেছে, এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোটিফের মধ্যে থাকবে গরু-মহিষের গাড়ি, নাঙ্গল, জোঁয়াল, মাখল, কাস্তে, মাছ ধরার জাল, পলই, খলই, রঙিন কুলা, হাতপাখা, কলস, ঐতিহ্যবাহী ঘুড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণ।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় থাকছে হস্ত ও কুটির শিল্প, চারু ও কারুশিল্প, পিঠা ও ফুড কর্নারসহ চল্লিশটি স্টল। পাশাপাশি থাকছে বাংলা নববর্ষভিত্তিক নাটিকা, গম্ভীরা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বাঙালির অন্যতম সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। এ আনন্দঘন মুহূর্তের জন্য অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলেন সংস্কৃতিপ্রেমীরা। সব ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও বয়সের মানুষ উৎসবে সমান আগ্রহে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন বলেন, প্রতিবছরের মতো এবারও গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি শেষ। সুন্দর একটি পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় আমরা।


প্রকাশিত: April 14, 2026 | সময়: 6:04 am | সুমন শেখ