, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে সোনামসজিদ রোডে (পিটিআই সম্মুখে) অবস্থিত মেসার্স এ.কে. খান ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিলিং স্টেশনটির প্রোপ্রাইটর আতিকুর রহমান বাবুর উদ্যোগে এ নতুন ব্যবস্থাপনা চালু করা হয়।
উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সহকারী ভূমি কমিশনার ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়) আজমাল মাহাতাব এবং সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখতে হবে। তিনি জ্বালানির সাশ্রয়ী ও সচেতন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। নতুন এই অ্যাপস-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি বিক্রয় কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।