সর্বশেষ সংবাদ :

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ’২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএডিসি সার ডিলার এসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন সার ডিলাররা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ’২৫ দ্রুত বাস্তবায়ন করা হলে সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত হবে।
প্রকৃত কৃষকরা নির্ধারিত মূল্যে সময়মতো সার পাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম হ্রাস পাবে। কিন্তু দুঃখের বিষয় নীতিমালাটি বাস্তবায়ন এখনও সম্পূর্ণরূপে কার্যকর হয়নি, যার ফলে মাঠ পর্যায়ে সার বিতরণে নানা ধরনের জটিলতা ও অসংগতি দেখা দিচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বৈধ ডিলাররাও তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।
তারা আরও বলেন, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি জোরদার প্রকৃত ও যোগ্য ডিলারদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন, কৃষকদের ন্যায্যমূল্যে সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে উচ্চ নীতিমালা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ দাবি তাদের।
পরে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


প্রকাশিত: April 6, 2026 | সময়: 3:21 am | সুমন শেখ