, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। বুধবার ১ মার্চ রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পাম্প সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছিল যানবাহন চালকদের। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা এড়াতে ওই যুবক বোরকা পরে নারী সেজে পাম্পে আসেন। ধারণা করা হচ্ছে, নারীদের জন্য আলাদা সুবিধা বা আগে তেল পাওয়ার সুযোগ কাজে লাগাতেই তিনি এই ছদ্মবেশ ধারণ করেন।
মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, ‘রাতে পাম্পে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছিল। এরই মধ্যে বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে আসেন। তার চলাফেরা ও অবয়ব দেখে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাকে চ্যালেঞ্জ করলে ধরা পড়ে যে তিনি একজন পুরুষ।’
তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে দ্রুত পাম্প এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, তেলের সংকটে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি এড়াতেই ওই যুবক এমন অভিনব ও বিড়ম্বনাপূর্ণ পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।