, , ।
স্টাফ রিপোর্টার: পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাই মঙ্গলবার ঈদের ছুটি শেষ হয়ে গেলেওসকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন বিভিন্ন পার্ক, পদ্মার পাড় ও দর্শনীয় স্থানে।
শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে প্রাণ ফিরে পেয়েছে বিনোদন কেন্দ্রগুলোর পরিবেশ। নগরজীবনের কোলাহল, ইট-কাঠের বদ্ধ দেয়াল আর ব্যস্ততার একঘেয়েমি পেছনে ফেলে স্বস্তির খোঁজে এখানে মানুষ ভিড় করছে রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর, সব মিলিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে চারপাশ।
রাজশাহীর পদ্মার পাড়ে ছিলো চোখে পড়ার মতো ভিড়। শিশুদের পছন্দের মধ্যে ছিল শহীদ জিয়া শিশু পার্ক, সাফিনা পার্ক। দশনার্থীদের গান-বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলির উচ্ছ্বাস। ঈদকে কেন্দ্র করে এসব জায়গায় প্রতিটি রাইডে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজশাহী চিড়িয়াখানায় বিশেষ কিছু না থাকলেও পরিবার নিয়ে ভিড় জমিয়েছে উৎসব মুখর মানুষ।
যান্ত্রিক জীবনে ঈদ এনে দেয় এক ভিন্ন রঙ, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। এই উৎসবই যেন বছরজুড়ে ক্লান্ত মানুষকে দেয় পারিবারিক আনন্দ আর প্রাণশক্তি। তাই বছর শেষে ঈদের অপেক্ষায় থাকে ছোটবড় সবাই।