সর্বশেষ সংবাদ :

নাড়ীর টানে ঘরে ফিরছে মানুষ রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার: আর মাত্র দুইদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে তাই নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজশাহীর হাজারো মানুষ। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ত নগরজীবন ছেড়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছেন নিজ গন্তব্যে। এর ফলে রাজশাহী রেলওয়ে স্টেশন ও নগরীর বাসস্ট্যান্ডগুলোতে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। ট্রেন আসার অনেক আগেই প্ল্যাটফর্মে অবস্থান নিচ্ছেন যাত্রীরা। পরিবার-পরিজন, শিশু ও বৃদ্ধদের নিয়ে ভিড়ের মধ্যেই কষ্ট করে অপেক্ষা করছেন অনেকেই। অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে দাঁড়িয়ে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রা করতে হচ্ছে।
রাজধানী ঢাকা থেকে আসা শাহরিয়ার ইমন নামের এক যাত্রী বলেন, “বছরে এই একটা সময় পরিবারের সঙ্গে দেখা হয়। কষ্ট হলেও বাড়ি ফিরতেই হবে। ট্রেনের টিকিট পাওয়া কঠিন, তবুও যেভাবেই হোক চলে এসেছি।”
রোকেয়া নামের এক নারী যাত্রী বলেন,“প্রতিবছর ঈদের সময়েই আমরা বাড়ি ফিরে। বছরে একটা দিন পরিবারের সাথে কাটাতে আমরা এত কষ্ট করে রাজশাহীতে আসি। যাত্রা ভালো হয়েছে, তবে ভিড় ছিল অনেক। পরিশেষে রাজশাহীতে আসতে পেরেছি এটিই অনেক বেশি।”
অন্যদিকে বাসস্ট্যান্ডগুলোতেও একই চিত্র। রাজশাহীর শিরোইল ও নওদাপাড়া এলাকা ঘিরে থাকা বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ঢল নেমেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন অনেক যাত্রী। বিশেষ করে দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত চাপের কারণে সময়মতো গাড়ি ছাড়তে পারছে না।
নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করা এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাসে উঠতেই যুদ্ধ করতে হচ্ছে। ভাড়াও বেশি নিচ্ছে, তবুও কোনো বিকল্প নেই।”
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে গেছে। চাহিদার তুলনায় যানবাহন কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রিপ চালু করার চেষ্টা চলছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে।
সব মিলিয়ে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের ঢলে এখন সরগরম রাজশাহী। কষ্ট, ভোগান্তি আর দীর্ঘ যাত্রার পরও প্রিয়জনের মুখ দেখার আনন্দই যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে।


প্রকাশিত: March 19, 2026 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর