, , ।
স্টাফ রিপোর্টার: মূল্য তালিকায় কাটাকাটি এবং বিদেশি পোশাকের নামে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে রাজশাহীতে একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে মহানগরীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম। অভিযান সূত্রে জানা যায়, পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং প্রদর্শিত মূল্য তালিকায় একাধিকবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সঠিক তথ্য ও উৎস স্পষ্টভাবে প্রদর্শন করা হয়নি বলেও অভিযোগ উঠে। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের সুযোগ নেই। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সংস্থার এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।