, , ।
নুরুজ্জামান, বাঘা: রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, এই দেশ প্রায় শেষ হয়ে গেছে। দেশে আর কিছু নেই। এখন আছে শুধু ভৌগলিক অবস্থান আর একটি পতাকা।
এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়মাস সময় চেয়ে বলেছেন, এখন আমাদের একটিই করনীয় দেশকে অর্থনৈতিক ভাবে সচল এবং উন্নয়ন করা। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে বাঘা উপজেলায় সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ১১ টায় বাঘা উপজেলা হলরুমে নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় আবু সাইদ চাঁদ বলেন, ইতোমধ্যে আমাদের পার্লামেন্টর বৈঠকে একটি কথা উঠে এসেছে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল বার-বার চেষ্টা করবে। কিন্তু এটি আমাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, বিগত সরকার যা করেছে, আমরাও যদি একই কাজ করি, তাহলে আমাদেরকেও দেশ থেকে পালাতে হবে। সুতারাং আমি আমাদের দলীয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কোন মানুষের প্রতি জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজি করবেন না। আর যদি কেউ করার চেষ্টা করেন, তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার।
তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ক্ষণিকের জনপ্রতিনিধি। দেশ পরিচালনা করবেন আপনারা। সকল উন্নয়ন কাজ হবে আপনারদের মাধ্যমে। তিনি বলেন, সরকার ফ্যামেলি কার্ড বিষয়ে একটি ঘোষণা দিয়েছেন এটা আমরা সবাই জানি। এ ক্ষেত্রে কাজ হবে ধারাবাহিকতা এবং শৃঙ্খলার ভিত্তিতে। তবে আমাদের দলের কোন নেতা যদি ভদ্র ভাষায় বৈধ কোন আবদার করে সেটি ভেবে দেখবেন। আর যদি কেউ হ্যাডাম দেখায় সাথে-সাথে আমাকে জানাবেন।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ সময় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। কোন দপ্তরের কি কাজ হয় সবই আমার জানা। আমি টেকসই উন্নয়নে বিশ্বাসী। যদি আপনাদের কোন দপ্তরের কোন সমস্যা থাকে সেটি আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তিনি উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এলাকার নানা সমস্যা এবং বিভিন্ন উন্নয়ন মুলক বিষয়ে তথ্য চাওয়ার মাধ্যমে সেগুলো সমাধান সহ নানামুখি উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালন সহ দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর শুনেছি স্যার অনেক জনপ্রিয় এবং জনদরদী মানুষ। তিনি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকেন। আমি সরকারি নানামুখি উন্নয়নের স্যারের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপরদিকে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, যার অভিজ্ঞতা রয়েছে, তার অধিনে কাজ করা সহজ। আমি এ থানায় যোগদানের পর টহল জোরদার সহ মাদকের প্রবণতা কমিয়ে এনেছি।
স্যার একজন প্রবীন গুণি নেতা, তাঁর সার্বিক সহযোহিতা পেলে মানুষের জানমাল রক্ষা সহ এলাকার উন্নয়নে নিজেকে সচল রাখবো এবং অন্যায়ের বিরুদ্ধে আমার ভূমিকা থাকবে অবিচল।
সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন, চারঘাট উপজেলার সাবেক মেয়র ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল, সুরুজ জামান, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা ছালে আহাম্মেদ সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।