বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, সানশাইন :
রাজশাহীর পুঠিয়ায় আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষক।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে, শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুলে যাবার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় চাকরি করতেন। প্রায় ২০ বছর যাবত বেতনবিহীন চাকরি করতেন। কিছুদিন আগে তার বেতনের অনুমোদন হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, ওই শিক্ষক রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ড্রাম ট্রাক এসে তার গায়ের উপর তুলে দিয়ে পিষে দিয়ে চলে যায়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী বলেন, ঘটনা শুনতে পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। গাড়িটিকে আমরা আটক করতে পারিনি, তবে আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
সানশাইন /শামি