বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ‘কম্পিটেটিভ প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটিং এক্সিলেন্স ফর এইচ-ই-এ-টি প্রজেক্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হলরুমে আয়োজিত এ কর্মশালায় শিক্ষক ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. মোজাহার আলী।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণে গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, প্রতিযোগিতামূলক প্রকল্প প্রস্তাব তৈরির কৌশল, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রপোজাল লেখার দক্ষতা এবং এইচ-ই-এ-টি প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকরা কর্মশালাকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিমত ব্যক্ত করেন। গবেষণার ধারাবাহিকতা বজায় রাখা, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করা এবং গবেষণার মানোন্নয়ন নিশ্চিত করতে রুয়েটের আইকিউএসি নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে।