সর্বশেষ সংবাদ :

দিনাজপুরের ৮৪৪ কেন্দ্রে ভোটের সরঞ্জাম, বাড়তি নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি স¤পন্ন হয়েছে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী।
বুধবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে জেলার ১৩টি উপজেলার উপজেলা চত্বরে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যা¤প, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন। একই সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা যায়।
ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী জানান, নির্বাচনে জেলায় ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৩৮৪ জন পুলিশ সদস্য, প্রায় ৩০ হাজার আনসার সদস্য, ১২টি টিমে ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি এবং ১৩ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।


প্রকাশিত: February 12, 2026 | সময়: 4:35 am | সুমন শেখ