, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার লক্ষে প্রথমবারের মতো নারীদের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সকালে বাঘা সদরে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন তেঁতুল তলা থেকে এই প্রচার মিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। এর আগের দিন বিকেলে নির্বাচনপূর্ব শেষ মিছিল বের করেন বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে নির্বাচনী প্রচার মিছিলটি বের করেন জামায়াতের নারী কর্মীরা। এই মিছিলে তাদের স্লোগান ছিল সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। সৎ মানুষের পক্ষ নিন, দাঁড়ি-পাল্লায় ভোট দিন।
মিছিলটি উপজেলার নারায়নপুর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে মিলিত হয়। তবে দেশে প্রথম বারের মতো বিপুলসংখ্যক নারীদের সমান্বয়ে গঠিত মিছিল দেখে অনেকেই হতবাক হন।
এই মিছিলে নেতৃত্ব দেন বাঘা সদরে অবস্থিত বিভিন্ন গ্রামের জামায়াত সমর্থিত প্রায় এক হাজার নারী নেত্রী। তবে আনুপাতিক হারে উপজেলার আমোদপুর, বানিয়া পাড়া, মসিদপুর এবং ছাতারি গ্রামের নারীরা এই মিছিলে বেশি উপস্থিত ছিল বলে অনেকেই মন্তব্য করেন।
এদিকে এই মিছিলের আগের দিন রবিবার বিকেলে একই স্থান থেকে ১৩ তম জাতীয় নির্বাচনের শেষ প্রচার মিছিল বের করেন রাজশাহী ৬ চারঘাট-বাঘার জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সহ বাঘার কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।
তবে এই মিছিলে নারীদের অংশ গ্রহন ছিলনা বলে তারা পরদিন সোমবার সকালে পৃথক প্রচার মিছিল বের করেন বলে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেন।