সর্বশেষ সংবাদ :

মাদরাসা মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রির্পোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল মাদরাসা মাঠসহ আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মাঠ ও এর পার্শ্ববর্তী সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ও বিশেষ ডগ স্কোয়াড দিয়ে মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়।
এদিন সরেজমিনে দেখা গেছে, মাদরাসা মাঠের প্রবেশমুখগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। আগতদের তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজন চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি। মাঠের ভেতরে ও বাইরে পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য। এ জন্য পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজর রাখা হবে। এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে।


প্রকাশিত: January 29, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ