সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক : নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ পাবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালি ব্যাংক পিএলসি সহ ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তাখাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, এক সময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্নভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন।
তিনি বলেন, এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমজাদ হোসেন খাঁন আরো বলেন, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটির করার জন্য নির্দেশনা দেন।
ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ট্রেডলাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য।
ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্যখাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে।
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শওকত জামান।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসি সহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে।
দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ইসলামি ব্যাংক পিএলসি সহ অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 28, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ

আরও খবর