, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার নবীন শিক্ষকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এদিন সকাল ১০টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর আবু রেজা কর্মশালায় সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইকিউএসি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণা পদ্ধতি ও এর নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও জ্ঞান সৃজন, একাডেমিক কারিকুলামে আধুনিকতা ও সৃজনশীলতা আনয়ন, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব (বায়াসনেস) পরিহার, উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা শুধু বলতে চাই না, শিখতেও চাই। এ কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা। এখানে প্রতিটি সেশনই খুব আকর্ষণীয়, ফলে নবীন শিক্ষকরা এখান থেকে সর্বোচ্চ উপকৃত হবেন। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সারাজীবন ধরেই শিখতে হয়। আপনি নিজে না জানলে শিক্ষার্থীদের কী শেখাবেন? একজন শিক্ষকের উচ্চ আত্মমর্যাদা থাকা উচিত। আত্মসম্মানবোধ তৈরি হয় নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে। আপনারা একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছেন। তবে এটাও মনে রাখা দরকার-যোগ্যতার পরিচয় দিয়ে শিক্ষকতায় এলেও যে বিষয়ে পড়াবেন, সে বিষয়ে অনেক কিছুই আপনার অজানা থাকতে পারে। ফলে নিজেকে মহাপণ্ডিত ভাবার সুযোগ নেই। বর্তমান সময়ে এ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়।’
সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ১৪টি বিভাগের ৫৭ জন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক করেন।
উল্লেখ্য, এর আগে আইকিউএসসি’র আয়োজনে ৬ অক্টোবর ২০২৫ তারিখে ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।