, , ।
স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :
সাংবাদিক পলাশের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
শনিবার সকাল সাড়ে দশটায় (২৪জানুয়ারি) পিরোজপুর ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জানাজায় যোগ দিয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর সভাপতি রফিকুল ইসলাম বলেন, সেলিম সানোয়ার পলাশ সাংবাদিকতায়, সমাজকর্মে আমাদের অনপ্রেরণার মডেল হয়ে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (আবঃ) শরীফ উদ্দীন,ডেপুটি অ্যাটনি জেনারেল ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, সুলতানুল ইসলাম তারেক ও উপজেলা জামায়াতের আমীর নোমায়ন আলি মাষ্টারসহ বিএনপি জামায়াতের অসংখ্য নেতা কর্মী।
পলাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক জামিল আহমেদ ও গোদাগাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল খালেক। এক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সাংবাদিক নেতারা বলেন, সেলিম সানোয়ার পলাশ একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছেন।
গত শুক্রবার (২৩শে জানুয়ারি) রাত আটটায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন হয়ে মারা যান। সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রেমতলী প্রতিনিধি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে থাকার সময় সন্ধ্যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুতই তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত আটটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক পলাশ গোদাগাড়ীর হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
সাংবাদিক পলাশ সংগঠক হিসেবে বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলার সভাপাতি ছিলেন এবং গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে গোদাগাড়ীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। শনিবার সকাল সাড়ে দশটায় জানাজা শেষে তার মরদেহ পিরিজপুর গোরস্থানে দাফন করা হয়।
সাইফুল ইসলাম/শামি