সর্বশেষ সংবাদ :

এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে বেলাল হোসেন

স্টাফ রির্পোটার: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তিনি এ দায়িত্বে যোগ দেন। মো. বেলাল হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন।
জানা যায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সাবেক শিক্ষার্থী মো. বেলাল হোসেন দীর্ঘ তিন দশকের কর্মজীবনে এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে তার কর্মজীবনের সূচনা হয়। উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে তিনি নির্বাহী প্রকৌশলী ও একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক ও কারিগরি দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের ৩১ অক্টোবর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ গত ১২ অক্টোবর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডির সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্বে নিয়োজিত হন। মো. বেলাল হোসেন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট) থেকে ১৯৮৯ সালে পুরকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ রুয়েট পরিবার ও দেশের প্রকৌশল সমাজের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুয়েট পরিবার প্রত্যাশা করছে, তার অভিজ্ঞ নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দূরদর্শী সিদ্ধান্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব হবে।


প্রকাশিত: January 18, 2026 | সময়: 2:13 am | সুমন শেখ

আরও খবর