, , ।
আব্দুল বাতেন: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোদাগাড়ী উপজেলার মইশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গোদাগাড়ী পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার। তিনি ছিলেন অত্যন্ত মানবিক, সাহসী ও আপোষহীন একজন নেত্রী।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শুধু রাজনীতি নয়, পরিবার ও সমাজ গঠনের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী সরকারের শাসনামলে তিনি নানা নির্যাতনের শিকার হলেও দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন—‘এই দেশই আমার শেষ ঠিকানা’। আপোষহীন এই নেত্রী শেষ পর্যন্ত এই দেশেই ইন্তেকাল করেন।”
বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত গুণাবলি তুলে ধরে বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল মানুষ। জীবনের শেষ সময়ে তিনি সবার কাছে নিজের অজান্তে করা ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে দোয়া চেয়েছেন, যা তাঁর মহানুভবতার অনন্য উদাহরণ।”
দোয়া মাহফিলে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।