সর্বশেষ সংবাদ :

রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে বিএসসিআই হৃদরোগ বিশেষজ্ঞ প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা’র পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী’র নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই)-এর স্বনামধন্য ও খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞের প্রতিনিধি দল ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’ পরিদর্শন করেছেন।
সম্প্রতি হৃদরোগ বিশেষজ্ঞের প্রতিনিধি দল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে পৌঁছালে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনের সময় এই বিশেষায়িত হৃদরোগ হাসপাতালটি চিকিৎসা কার্যক্রম স্বচক্ষে দেখে তাঁরা চিকিৎসাসেবার ভূয়সী প্রসংশা করেন এবং নানা সীমাবদ্ধতা স্বত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠির মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের জন্য হাসপাতালটির পরিচালক ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিনসহ কর্মরত চিকিৎসকগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমগ্র বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার বিস্তার ও নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন’ কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর রাজশাহী অঞ্চলকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে সর্বপ্রথমে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’ ও বিএসসিআই-এর যৌথ উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন জেলা সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের আয়োজন করে। এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য ঢাকা কেন্দ্রীক হৃদরোগ চিকিৎসাসেবাকে বিভাগীয় ও জেলা সদরে হৃদরোগ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং হৃদরোগ চিকিৎসাসেবার কেন্দ্রগুলোকে শক্তিশালী ও মানসম্মত করার লক্ষ্যে পারস্পারিক জ্ঞান-দক্ষতা-অভিজ্ঞতা বিনিময় এবং পেশাদারিত্ব সৃষ্টি। একই সাথে হৃদরোগ চিকিৎসাসেবার সর্বাধুনিক পদ্ধতি ও কৌশল সম্পর্কে অবহিতকরণ। সিম্পোজিয়ামে প্রায় ১২ টির অধিক গবেষণা ও অভিজ্ঞতামূলক সেমিনার উপস্থাপন করা হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালের কার্ডিয়াক ইউনিটগুলোতে চিকিৎসাসেবাকে আরও কার্যকরী করার লক্ষ্যে ‘বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন’ অব্যাহতভাবে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট ও দক্ষ জনবল সৃষ্টিতে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিশেষজ্ঞ চিকিৎসক দলে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মোঃ আতাহার আলী, সিনিয়র কনসালটেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা, ডাঃ খন্দকার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন, ডাঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, এনআইসিভিডি, ডাঃ মোহাম্মদ আবুল খায়ের, সহযোগী অধ্যাপক ও কোষাধ্যক্ষ, বিএসসিআই, ডাঃ মোঃ জাফর ইকবাল জামালী, সহযোগী অধ্যাপক, বিএমইউ, ডাঃ কাজী নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ডাঃ মোঃ দুরুল হুদা, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজসহ ঢাকা ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহীস্থ বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞগণসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন জেলা সদর হাসপাতাল হতে আগত প্রায় ১৫০ জন হৃদরোগ বিশেষজ্ঞ এই সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে সমন্বয়ক ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র পরিচালক ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন।


প্রকাশিত: January 12, 2026 | সময়: 1:25 am | সুমন শেখ