, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী সদরের ডাইংপাড়া বাজারে পৌর প্রশাসকের উদ্দ্যগে ফুটপাত দখলমুক্ত করতে ও দোকানের সামনের অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানে পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে ডাইংপাড়া বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাতে কাপড় ঝুলিয়ে রাখা, নির্ধারিত সীমার বাইরে পণ্য প্রদর্শন এবং অতিরিক্ত ভিড় সৃষ্টির চিত্র দেখা যায়। অভিযানে দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং কয়েকজন ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সদস্যসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে জরিমানাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়ে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় ক্রেতারা জানান, সন্ধ্যার পর বাজার এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। ফুটপাত দখলের ফলে নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের নির্ধারিত সীমার মধ্যে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয় এবং বাজার এলাকায় নজরদারি আরও জোরদার করার কথা জানানো হয়।
অভিযান প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন বলেন,আমরা ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান এখন থেকে চলমান থাকবে। জনগণের চলাচল নির্বিঘ্নে করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।