, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদন ছাড়া ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে এক ভেকু (এস্কেভেটর) চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর বর্ধমানপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী। অভিযানে ভেকু চালক মেহেদী হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার পিতা ও মূল ঠিকাদার আলমগীর হোসেন ওরফে আলমসহ সংশ্লিষ্ট অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় ধান চাষ যোগ্য কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মূল ঠিকাদার সহ অন্যরা সটকে পড়লেও ভেকু চালককে আটক করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী বলেন, ফসলি কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।