সর্বশেষ সংবাদ :

রাকাবের সর্বোচ্চ মুনাফা অর্জন নওগাঁ জোনের

স্টাফ রিপোর্টার: অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ১৮টি জোনের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে নওগাঁ জোন। এই সাফল্যের পেছনে জোনটির আওতাধীন ৩০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নওগাঁ জোনের এই অর্জনে নেতৃত্ব দিয়েছেন জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন। তাঁর কার্যকর দিকনির্দেশনা, সমন্বিত ব্যবস্থাপনা ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকালে নওগাঁ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জোনাল ব্যবস্থাপক রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত সকলে তাঁর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে রুহুল আমিন বলেন, ‘এই সাফল্য কোনো ব্যক্তির একক অর্জন নয়। নওগাঁ জোনের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফলেই আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও গ্রাহকসেবা, ঋণ আদায় ও ব্যাংকের স্বার্থ রক্ষায় সবাই দায়িত্বশীল থাকলে আরও ভালো ফলাফল আসবে।’
নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহীন আলম বলেন, ‘জোনাল ব্যবস্থাপকের সঠিক নেতৃত্ব ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আশা করছি, আগামী জুনে বার্ষিক হিসাব সমাপনীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’
এ সময় আগামী দিনের লক্ষ্য অর্জনে আরও আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন নওগাঁ জোনের কর্মকর্তা-কর্মচারীরা।


প্রকাশিত: January 3, 2026 | সময়: 7:52 am | সুমন শেখ