সর্বশেষ সংবাদ :

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানালেন জামায়াতের নায়েবে আমির

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের যোগসাজশে একটি শ্রেণি দেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েমের চেষ্টা করছে। সোমবার দুপুরে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা ভবিষ্যতে দেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে সরকার যদি শক্ত হাতে ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আবারও অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে এলেও এখনো সব রাজনৈতিক দলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে ১৯৮৬ সালে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে তারা অনুরোধ জানিয়েছিলেন। তবে বাস্তবে এখনো কিছু ক্ষেত্রে সেই সমান সুযোগ নিশ্চিত হয়নি।
এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। এ উপলক্ষে সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে মোট ৫৬টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই মনোনয়ন জমা দিচ্ছেন।


প্রকাশিত: December 30, 2025 | সময়: 1:05 am | সুমন শেখ