সর্বশেষ সংবাদ :

নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন জমা দিলেন যারা

নলডাঙ্গা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার মনোনয়নপত্র দাখিল শেষে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি দীর্ঘ ২৪ বছর পর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে তিন তিনবার এমপি ছিলাম। কিন্তু দুইযুগ পরে আবার মনোনয়নপত্র দাখিল করলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব দেওয়ান শাহীন প্রমূখ।
লালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তার ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন (স্বতন্ত্র) বিএনপি, অ্যাড. তাইফুল ইসলাম টিপু (স্বতন্ত্র) বিএনপি, ডা. ইয়াসির আরশাদ রাজন (স্বতন্ত্র) বিএনপি, এএসএম জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশর আব্দুল্লাহিল বাকী, খেলাফত মজলিসের আজাবুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটার চালক দলের বাবু হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এএসএম মোকাররেবুর রহমান ও মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র)।
সোমবার ২৯ ডিসেম্বর জমার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলহাস হোসেন সৌরভ।

সাপাহার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
এসময় জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুণ, পোরশা উপজেলা জামায়াতের আমীর সাগর আলী ও নিয়ামতপুর উপজেলার জামায়াতের আমির আফজাল হোসেন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন। এছাড়াও সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের অপেক্ষায় সমবেত হয়ে দাঁড়িয়ে ছিলেন । মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন।
গোমস্তাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় ছিলেন এই আসনের জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, এ্যাডভোকেট আরিফুল ইসলাম। এছাড়া গোমস্তাপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক উপস্থিত ছিলেন।
আত্রাই প্রতিনিধি: আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় খবিরুল ইসলাম তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।
আত্রাই ও রাণীনগরের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।
তিনি আরও যোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরে ‘দাঁড়িপাল্লা’ মার্কার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। মনোনয়নপত্র দাখিলের সময় ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি তোজাম্মেল হক, শাহিন আহমেদ সহ সংগঠনের নেতাকর্মী।
বদলগাছী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান। সোমবার ২৯ ডিসেম্বর সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় সময় ছিলেন, নওগাঁ-৩ আসন জামায়াতের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলার আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে মাওলানা মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁর জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ, রাষ্ট্র মেরামত এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিবর্তন প্রয়োজন। দেশের রাজনৈতিক অনাচার, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের বিরুদ্ধে আমি কাজ করবো। আমার এলাকাবাসীর প্রতি আহ্বান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা অর্থের দাপট দেখিয়ে নির্বাচনকে কুলুষিত করছে তাদেরকে রুখে দিতে হবে।
আত্রাই-রানীনগর বাঁচাও জনগণের যে আহ্বান সেই আহ্বানের প্রতি সাড়া দিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এবং কাজ করেছি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। কতটুকু পেরেছি এবং কতটুকু সফল হয়েছি এটি জনগণ বলতে পারবে।
তিনি আরও বলেন, দল থেকে বলেছে প্রার্থী নয় প্রতীক। তার মানে প্রার্থী খারাপ দিয়েছে যার কারণে দল এ কথা বলছে। যারা টাকার উপর ভর করে নির্বাচন করতে চাচ্ছে তারা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। সরকার সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি সরকার তা করে দেখাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আলমগীর কবির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
‎নিয়ামতপুর প্রতিনিধি: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। ‎োসমবার ২৯ ডিসেম্বর বেলা ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
‎গত ১৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।‎ মনোনয়নপত্র দাখিলকালে ছিলেন জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলাে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।‎
‎মনোনয়নপত্র দাখিল শেষে নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, শৃঙ্খলা, সৌহার্দ ও ভালোবাসা দিয়েই ভোটারদের মন জয় করতে হবে।


প্রকাশিত: December 30, 2025 | সময়: 12:58 am | সুমন শেখ