, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের চারদিঘী গ্রামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলা প্রশাসনের অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে আয়োজকরা দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়েই তারা মেলার আয়োজন করেছিলেন। মেলা বন্ধ করায় তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চারদিঘী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ওই গ্রামে মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানপাট, খেলনা, খাবার সহ সাংস্কৃতিক বিনোদনের আয়োজন ছিল। তবে আয়োজকরা উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন গ্রহণ করেননি।
খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী ঘটনাস্থলে গিয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন। এ সময় মেলা আয়োজকদের সঙ্গে প্রশাসনের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। প্রশাসনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করার পর আয়োজকরা মাইকে জোরপূর্বক মেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের তপসীল ঘোষণার পর অনুমোদন ছাড়া জনসমাগম হয় এমন কোনো মেলা বা অনুষ্ঠান আয়োজন আইনত দণ্ডনীয় এবং এতে জননিরাপত্তা ও শৃঙ্খলার ঝুঁকি তৈরি হতে পারে।
মেলার আয়োজক এবং চারদিঘী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রাজু আহম্মেদ বলেন, প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে এই গ্রামে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা প্রশাসনের কাছে অনুমতি নেওয়ার চেষ্টা করেছি। লিখিত অনুমতি না পেলেও ইউএনও মহোদয়ের মৌখিক অনুমতির ভিত্তিতেই মেলার আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে মেলা বন্ধ করে দেওয়ায় আমাদের চার থেকে পাঁচলাখ টাকার ক্ষতি হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, মেলার আয়োজন করতে কাউকে কোন মৌখিক বা লিখিত অনুমতি দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের তপসীল ঘোষণার পর সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে। মৌখিক অনুমতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আইন অনুযায়ী মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কেউ এমন উদ্যোগ নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।