সর্বশেষ সংবাদ :

অর্থআত্মসাত ও প্রতারণার মামলায় আঁত তিজারা প্রধান হালিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা: অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে ফেরত না দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীর বাগমারার আঁত তিজারা লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক আবদুল হালিম (৫৩) ওরফে জেএমবি হালিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার গণিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামের মোবারক হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ রাজশাহী শহরের একটি বাড়িতে মহানগর পুলিশের সহযোগিতায় বাগমারা থানার পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পলাতক অবস্থায় আবদুল হালিমকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে আঁত তিজারা লিমিটেড নামের একটি এনজিওর এমডি। এছাড়াও জেএমবির সাথে জড়িত থাকার অভিযোগে সাড়ে ৩১ বছর সাজা হয়েছিল।
বাগমারা থানার এসআই আবু জাহিদ শেখ জানান, উপজেলার দক্ষিণ মাঝগ্রামের আনোয়ারা বেগম নামের এক নারী প্রতারণার অভিযোগে মামলা করেন। তার কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে দুই দফায় সাত লাখ টাকা গ্রহণ করে তিজারার আবদুল হালিম। মেয়ার উত্তীর্ণ হওয়ার পরেও আমানত বা লাভের টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা চাইলে উল্টো হুমকি দেওয়া হয়। নিরুপায়ে তিনি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
তবে সে পলাতক ছিল। রাজশাহী শহরে অবস্থান করছিল। সেখান থেকে পুলিশ তাকে আটক করে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে জেএমবির সাথে জড়িত থাকা ছাড়াও বাগমারা কৃষক দলের নেতা মেজবাহুল হক দুলুর জমি দখলের অভিযোগ রয়েছে।
আঁত তিজারার বিপুল পরিমাণ গ্রাহকের আমনত নিয়ে ফেরত না দিয়ে হুমকির অভিযোগ রয়েছে। এছাড়াও ঋণ গ্রহীতারা ঋণ শোধ করলেও তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে।


প্রকাশিত: December 27, 2025 | সময়: 1:01 am | সুমন শেখ