সর্বশেষ সংবাদ :

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন : ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের ব্যবস্থা হবে

ঈশ্বরদী প্রতিনিধি: প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন বলেছেন, ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। সে সময় তিনি আরও বলেন, ২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু করা হবে।
শেখ মইন উদ্দিন বলেন, ‘বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।’ এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের উদ্দেশ্যে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।
সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মইন উদ্দিন বলেন, ‘দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।’ পাশাপাশি আরিচা খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর পক্ষ থেকে যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন সোমবার ৮ ডিসেম্বর ঈশ্বরদীতে আসেন। মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও উপদেষ্টার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত পাকশীর নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন তিনি। সেখানে স্কুল ও প্রক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সে সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 10, 2025 | সময়: 1:27 am | সুমন শেখ

আরও খবর