, , ।
স্টাফ রিপোর্টার: ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘প্রতিযোগিতা আইন ২০১২’-এর ভূমিকা বিষয়ে এক কর্মশালা রবিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. আফরোজা বিলকিস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সরকারি দফতরের কর্মকর্তা এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আফরোজা বিলকিস বলেন, প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের অপকর্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। বৈশ্বিক গবেষণায় দেখা গেছে বাজারে প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম রোধ করা গেলে উৎপাদনশীলতা ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং পণ্যের দাম কমে ২৩ থেকে ২৭ শতাংশ পর্যন্ত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের বাজার কাঠামো গড়ে তুলতে প্রতিযোগিতা আইনকে কার্যকরভাবে প্রয়োগ করতেই কমিশন কাজ করছে।
কর্মশালায় প্রতিযোগিতা আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়, উৎপাদন, সরবরাহ ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এই আইনের আওতায় পড়বে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু সরকারি নিয়ন্ত্রিত খাত এই আইন থেকে অব্যাহতি পেয়ে থাকে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, প্রতিযোগিতা আইন বাস্তবায়ন হলে রাজশাহী অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল ও স্বচ্ছ হবে। ভোক্তারা ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা পাবেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জেলার সব স্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।