, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি, জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। দলীয় বিবেচনা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।
এছাড়াও নুরুজ্জামান লিটন তার বক্তব্যে সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
শনিবার বিকেলে পানানগর ইউনিয়নের তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ ছিল উৎসবমুখর ও সরগরম। ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক নাঈমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম তার বক্তব্যে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী মণ্ডল। তিনি তার বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও পানানগর ইউনিয়নে জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ড. সেলিম রেজা খান প্রমূখ।
সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভরসার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতিতে সমাবেশ উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।