সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ী উপজেলা প্রশাসন গোল্ডকাপে চ্যাম্পিয়ন রিশিকুল ইউনিয়ন

স্টাফ রিপোর্টার, গোদগাড়ীঃ গোদাগাড়ী উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল ফাইনালে দেওপাড়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে রিশিকুল ইউনিয়ন দল শিরোপা জয় করেছে।
তারুণ্যের উৎসব ঘিরে গোদাগাড়ীতে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় শুক্রবার সকালে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে রিশিকুল ইউনিয়ন ফুটবল দল। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে লস্কর হাটি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ভিড় করেন হাজারও দর্শক। রিশিকুল ইউনিয়নের পক্ষে গোল করেন বিজয়। দেওপাড়া হয়ে একমাত্র গোলটি করেন প্রসেনজিৎ ।
টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য মানিক মার্ডি ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত এবং সর্বোচ্চ ৪টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন রিশিকুল ইউনিয়নের বিজয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। পুরস্কার বিতরণীর শেষে বিকেলে গোদাগাড়ী শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূ-উপরিস্থ শোধনাগার প্রকল্পের ডিরেক্টর মি.জু, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট গত ২৩ অক্টোবর থেকে শুরু হয়। এতে উপজেলার ৯ ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশ গ্রহণ করেন। পুরষ্কার বিতরণের অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, টুর্নামেন্টে এতো দর্শকদের উপস্থিতি আমাদের আনন্দিত করেছে। ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করায় সকল খেলোয়াড়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোদাগাড়ীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমি পুরো খেলা দেখেছি। খেলাটি আমাকে খুব আনন্দ দিয়েছে। আমার মতো গোদাগাড়ীর হাজার হাজার দর্শক খেলা দেখে আনন্দিত হয়েছেন। এই আনন্দ আমাদের ফুটবল দিয়েছে। গোদাগাড়ীর মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে আরও খেলাধূলা আমরা আয়োজন করবো।


প্রকাশিত: November 15, 2025 | সময়: 6:45 am | সুমন শেখ