সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আজ বাড়তি পুলিশ মাঠে থাকবে

স্টাফ রির্পোটার: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আজ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য অস্থিতিশীলতা মোকাবেলায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নজরদারি বাড়িয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গিয়েছে। বিশেষ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক ও পথচারীদের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থেকে জানানো হয়েছে, ১৩ নভেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,“১৩ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে কোন নিরাপত্তার হুমকি নেই। আমরা বাড়তি পুলিশ সদস্য যোগ করেছি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট চলছে। আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। কোথাও যদি নিষিদ্ধ সংগঠনের কাউকে জড়ো হতে দেখা যায় তাহলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।”
অন্যদিকে, রাজনৈতিক কর্মসূচি বা মিছিল সমাবেশের খবর পেলেই স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসনের এক কর্মকর্তা।


প্রকাশিত: November 13, 2025 | সময়: 5:14 am | সুমন শেখ

আরও খবর