সর্বশেষ সংবাদ :

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণের দুটি পৃথক মামলায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে বিচারক মোহাঃ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে, অপহরণের দায়ে ফিরোজ আহমেদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষার পর প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এক পরীক্ষার্থীকে বিদ্যালয়ের ফটকের সামনে থেকে নিয়ে যান। তিনি তাকে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনার রাতেই মামলাটি গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়। পরে র‌্যাব ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে। চার্জগঠন ও সাক্ষ্যগ্রহণের পর বিচারক দুইজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচার সম্পন্ন করেন।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সী আবুল কালাম আজাদ বলেন, “এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষও সন্তুষ্টি প্রকাশ করেছেন।” আদালত শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: November 12, 2025 | সময়: 2:34 am | সুমন শেখ