, , ।
স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।’’ রবিবার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তা করবে।”
রাজনীতিকদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের ওপর প্রভাব বিস্তার করার জন্য অনেক কথা বলে। এসব কথা জনমনে অযথা শঙ্কা সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে নির্বাচন হয়নি, এ কারণে কিছু মানুষের মধ্যে দ্বিধা থাকতে পারে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি -এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে; তাদের মাঝে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।”
অপরাধীদের জামিন ইস্যুতে আইন উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ থাকলে ব্যতিক্রম হয়। তবে যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে তা পাওয়া উচিত। কিন্তু যারা জামিন পেয়ে একই অপরাধে জড়াতে পারে বা নিষিদ্ধ সংগঠনের হয়ে তৎপর হতে পারে, তাদের জামিনে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকি।”
আদালত সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মামলার চাপ কমে। এক কার্যক্রমের আওতায় ২০টি জেলা বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২টি জেলা পাইলটিং করছি। খুব শিঘ্রই রাজশাহী জেলাতে এ কার্যক্রম শুরু হবে। আদালত সংস্কারে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি- এর সুফল অবশ্যই জনগণ পাবে।”