সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে আলোচিত শিহাব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক শিহাব শেখ (১৭) হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার মূলহোতা ও ১নং এজাহারনামীয় আসামি মো. রতন আলী (৩২) গ্রেপ্তার হয়েছে। তাকে শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।
গ্রেপ্তারকৃত রতনের গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এছাড়াও শিহাব হত্যার মামলায় গত ৪ নভেম্বর একজন এজাহারনামীয় ৮ নং আসামি কালিম (৩২) কে গ্রেপ্তার করে র‌্যাব-৫। এখন পর্যন্ত ২ জন আসামিকেই গ্রেফতার করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, খুন, ছিনতাই, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব বদ্ধপরিকর। আলোচিত এই হত্যাকাণ্ডের পর মূল আসামিদের চিহ্নিত করতে বিশেষ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি চালানো হয়। এর ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ঘটনাটি ঘটে ২০ অক্টোবর ২০২৫ রাতে। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিহাবের। ওইদিন সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে প্রেমিকার সাথে দেখা করতে বের হয় সে। রাত আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগেই ওঁৎ পেতে থাকা ৮ জন এজাহারনামীয়সহ আরও ৮-৯ জন অজ্ঞাত হামলাকারী লাঠি ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়।
বাঁচার জন্য শিহাব পাশের পুকুরে লাফ দিলে তাতেও রক্ষা পাইনি শিহাব। সেখান থেকেও তাকে টেনে তুলে মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকার পর ১ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনাটি দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। এঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। ৪ নভেম্বর একজন এজাহারনামীয়কে গ্রেফতারের পরও অন্য আসামিরা আত্মগোপনে ছিল। তবে প্রযুক্তি সহায়তায় তাদের অবস্থান নজরদারি চলছিল।
গ্রেপ্তারকৃত রতনকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: November 10, 2025 | সময়: 1:51 am | সুমন শেখ

আরও খবর