, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দিনব্যাপী পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ২০২৩-২৪ অর্থ-বছরের পারফর্মেন্স ভিত্তিক উৎসাহমুলক পুরষ্কার প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করেন পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা ও রাজশাহী জেলা (আঞ্চলিক) কার্যালয়।
শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী পোস্টাল একাডেমি, রাজশাহী হলরুমে ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় প্রধান অতিথি শাখা ব্যবস্থাপক ও মাঠ সহকারীবৃন্দের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সুযোগ ও সুবিধা আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘কাজ ভাল করলে একদিন তার মূল্যায়ন হবেই। পারফরম্যান্স পুরষ্কার যেমন নিজেকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত হবে তেমনি কর্মক্ষেত্রেও হবে। কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যত অগ্রযাত্রায় কাজের গতি সঞ্চার হবে।’
এদিন ২০২৩-২৪ অর্থ-বছরে দায়িত্ব পালনকালীন নিরলস প্রচেষ্টা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার মাধ্যমে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে পারফরম্যান্স পুরষ্কার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের উপজেলা পর্যায়ের ৬৭ জন শ্রেষ্ঠ মাঠ সহকারী, ১ জন শ্রেষ্ঠ ক্যাশ সহকারী, ৭ জন শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক, জেলা পর্যায়ের ১ জন শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক, বিভাগীয় পর্যায়ের ১ জন শাখা ব্যবস্থাপক এর হাতে পারফরম্যান্স পুরষ্কার সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
পল্লী সঞ্চয় ব্যাংক পবা উপজেলা শাখার মাঠ সহকারী মো: মাসুদ রানা বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার পাওয়া শুধু গর্বের নয়।কর্মকর্তা ও কর্মচারীরা উদ্বুদ্ধ হয়ে কাজের গতি বাড়িয়ে দেয়। রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে চারঘাট উপজেলা শাখার মাঠ সহকারী টুটুল কুমার ঘোষ পারফরম্যান্স পুরষ্কার পান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, চাকুরী জীবনের কাঙ্খিত অর্জন। এই পুরষ্কার কাজের গতি ও মনোবল আরও বৃদ্ধি করবে। সামনের দিনগুলোতে কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে বগুড়া জেলার সোনাতলা উপজেলা শাখার মাঠ সহকারী মো. মশিউর রহমান পারফরম্যান্স পুরষ্কার পান। তিনি বলেন, গ্রাহকদের ধন্যবাদ জানাই তারা সহযোগিতা করেছেন বলেই আজ আমি সফল কর্মী।ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার পাওয়া আমাকে আরও ভাল কিছু করার সাহস জুগিয়েছে।
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে পারফরম্যান্স পুরষ্কার পান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আছিয়া খাতুন, তিনি বলেন, এই পুরষ্কার আমাকে আনন্দিত করেছে, সামনে যেন আরও ভাল কিছু করতে পারি সেই উৎসাহ দিয়েছে। আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
পল্লী সঞ্চয় ব্যাংক রাজশাহী জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগ সুকান্ত কুমার ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন বিভাগ রাজশাহী ব্যবস্থাপক অলোক কুমার এর সভাপতিত্বে এবং পবা উপজেলা শাখা সিনিয়র অফিসার মোসা. নুরুন নাহার ও বাগমারা উপজেলা শাখা ব্যবস্থাপক সোহেল রানার যৌথ পরিচালনায় জেলা (আঞ্চলিক) কার্যালয়, রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনজুর আহম্মেদসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী জেলা, উপজেলা ও বিভাগের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ সহকারীবৃন্দ।
উল্লেখ্য গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করছে। প্রায় ৫০ লাখ প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে ব্যাংকটি সফলতার সাথে ভূমিকা রাখছে, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে সমিতি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রতিটি সমিতিতে ৬০ জন সদস্য রয়েছেন, যার ৬০ শতাংশ নারী। ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে এসব সদস্য নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হয়েছেন-অনেকে এখন দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসা পরিচালনা করছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের অন্যতম বিশেষ ও সফল উদ্যোগ হলো উঠান বৈঠক- যেখানে সমিতির সদস্যরা একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। গ্রাহকরাই পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকৃত শক্তি-তাদের সফলতাই ব্যাংকের সফলতা। তাদের হাত ধরেই পল্লী সঞ্চয় ব্যাংক এগিয়ে যাচ্ছে এক টেকসই, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের পথে।