, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার ভেড়াপোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে হঠাৎ টানা বৃষ্টিতে শ্রেণীকক্ষ, অফিস কক্ষ এবং মাঠ হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ ও মাঠজুড়ে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
সরেজমিনে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. সোহেল রানা বলেন,“হঠাৎ বৃষ্টির পর থেকেই পুরো স্কুল প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষাসামগ্রী পানিতে ভিজে অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।”তিনি আরও বলেন, “বৃষ্টির পর থেকে স্কুলে প্রবেশ করাই কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে আমরা হাঁটুপানি পেরিয়ে অফিসে যাচ্ছি। এখন পড়াশোনার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের চারপাশে কোনো সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ফলে বর্ষাকালে প্রায়ই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস নেওয়া ও চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় অনেক বেঞ্চ-টেবিল ভিজে গেছে। এমনকি অফিসকক্ষের নথিপত্র, শিক্ষার্থীদের রেজিস্টার এবং আর্থিক হিসাবের ফাইলও অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও নথিপত্র রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা অভিযোগ করেছেন, এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই এমন পরিস্থিতি তৈরি হয়। তারা অবিলম্বে স্কুলের আশেপাশে ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের দাবি জানিয়েছেন। অভিভাবক মো: শরিফুল ইসলাম বলেন, “এভাবে পানিতে ডুবে থাকলে বাচ্চাদের স্কুলে পাঠানোই বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”